ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

বাউবির শিক্ষক ফোরাম হতে ২ জন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি : সংগৃহীত

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুই শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন অধ্যাপক তানভীর আহসান এবং সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম।

ফোরাম সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হলেও দীর্ঘ সময় নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। অভিযোগ করা হয়, তৎকালীন সাধারণ সম্পাদকের অসহযোগিতার কারণে নির্ধারিত সময়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

পরবর্তীতে গত ২৯ জুন পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ফোরামের দাবি, পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের দোসরদের’ নিয়ে সিন্ডিকেট গঠন, সংগঠনবিরোধী কার্যক্রম পরিচালনা এবং শিক্ষকসুলভ আচরণের পরিপন্থী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্টের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় নবগঠিত কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি।

এরপর কমিটিতে স্থান না পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম ৩০ জুন পূর্ববর্তী ও বর্তমান কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমান এবং পূর্ববর্তী কমিটির সহ-সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু তালেবের বিরুদ্ধে বিবৃতি দেন। ফোরামের অভিযোগ, ওই বিবৃতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১ জুলাই অনুষ্ঠিত ফোরামের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয় এবং তাদের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।