ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা এবার এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লিখেন, ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা।’
এর আগে, গত সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথক দুটি স্থানে জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহর সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ এ সময় অন্তত তিনজনকে আটক করা হয়।
এমন ঘটনার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন তাসনিম জারা।
পোস্টে তিনি আরও লিখেন, ‘বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।’

