ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।