মে মাসের বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত টাকা না থাকায় বেতন ছাড় হচ্ছে না। তারা কবে পাবেন তা কেউই বলতে পারছে না।
সূত্র জানায়, প্রতি অর্থবছরে মূল বাজেটের পর বছরের মাঝখানে একটি সম্পূরক বাজেট হয়ে থাকে। কিন্তু চলতি বছরের সম্পূরক বাজেটে চাহিদার তুলনায় অর্ধেক টাকা ঘাটতি থাকায় এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন হয়নি।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের বাজেট শাখা থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একটি সূত্র।
জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের প্রতিমাসের বেতনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আর্থিক চাহিদা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের বাজেট শাখায় চাহিদাপত্র দিয়ে থাকে। পরে মন্ত্রীর অনুমোদনের পরে অর্থমন্ত্রণালয় ও অধিদপ্তরকে চিঠি পাঠানো হয়।
চিঠি পাওয়ার পর মাদ্রাসা অধিদপ্তর অর্থ ছাড়ের নোটিশ দিয়ে থাকে। কিন্তু চলতি মাসের ৯ জুন শিক্ষক-কর্মচারীদের কোডে টাকা না থাকায় বেতন দেওয়া সম্ভব নয় বলে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এতে চলতি মাসের বেতন দেওয়া নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারিগরি ও মাদ্রাসা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে, তবে তারা বেতন কবে পাবেন সে বিষয়টি সম্পর্কে জানাতে পারছি না।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতনের বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা যেন বেতন পেতে পারেন, সে বিষয়ে কাজ করছি।
দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

