ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

নতুন পে-স্কেলে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে কত?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

আগামী পহেলা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল। জুলাই থেকেই বর্ধিত বাড়ি ভাড়া পাওয়ার কথা রয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। ফলে প্রশ্ন উঠেছে পূর্বের নাকি নতুন বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা জানিয়েছে, পহেলা জুলাই থেকে পে-স্কেল কার্যকর হলে নতুন পে-স্কেল অনুযায়ী শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে শিক্ষক-কর্মচারীদের। যদিও একই বিভাগের বাজেট শাখা বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কোন স্কেলে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে সেটি নিয়ে ধোঁয়াশা থাকলেও জুলাই থেকে শিক্ষকরা বর্ধিত ভাতা পাবেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হলে সেই স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধি হওয়ার কথা। এজন্য নতুন করে কোনো প্রস্তাবনা দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। অর্থ মন্ত্রণালয়ের চিঠিই নতুন পে-স্কেল অনুযাযী বর্ধিত বাড়ি ভাড়ার চিঠি।

জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ বাড়ি ভাড়া জুলাই থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সেভাবেই বেতন-ভাতার প্রস্তাব দেওয়ার কথা।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওইদিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।