ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি : সংগৃহীত

চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জামার্নি। এই ম্যাচে যাতে বিশ্বকাপের শুরুটা ভালো হয় সেজন্য শক্তিশালী অন্যতম আন্ডারডগ কুরাসাওকে হারাতে অত্যন্ত সতর্ক থাকতে চাইবে ফেবারিট জার্মানি।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

জুলিয়ান নাগেলসমানের অধীনে দারুণ ছন্দে রয়েছে জার্মানি। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপে এসেছে তারা। তবে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার তিক্ত স্মৃতি এবার কাটিয়ে উঠতে মরিয়া জার্মানরা।

অন্যদিকে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো খেলতে নামছে কুরাসাও। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও দলটির আত্মবিশ্বাসের কমতি নেই। ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে দলটি নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে চমক দেখানোর স্বপ্ন দেখছে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।

এটি হবে জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপে এর আগে কখনো একে অপরের মুখোমুখি হয়নি দল দুটি।

পরিসংখ্যান ও অভিজ্ঞতায় জার্মানি স্পষ্ট ফেভারিট হলেও কুরাসাওকে হালকাভাবে নিতে নারাজ নাগেলসমান। ম্যাচের আগে তিনি প্রতিপক্ষকে ‘চমক দেখানোর সামর্থ্যসম্পন্ন দল’ হিসেবে উল্লেখ করেছেন।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

যেভাবে খেলা দেখবেন

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

সময়: বাংলাদেশ সময় রাত ১১টা।