ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

তিন অর্ধশতকে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে শান্ত বাহিনী।

রোববার (১৪ জুন) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে আসেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। তবে ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত মাত্র ২ রানে জেভিয়ার বার্টলেটের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। দলের শুরুতেই উইকেট পতনের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত।

সৌম্যর বিদায়ের পর প্রাথমিক বিপর্যয় সামাল দিতে ৫১ রানের জুটি গড়েন তানজিদ তামিম ও শান্ত। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাট রেনশর বলে মিড অনের ওপর দিয়ে ওড়াতে গিয়ে রাইলি মেরেডিথের হাতে ধরা পড়েন তামিম।

২০ বলে ১৯ রান করে আউট হন তিনি। এরপর ইনিংসের ১৫তম ওভারে রেনশর দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। সুইপ করতে গিয়ে ২৪ রানে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন চরম বিপদে, তখন দলের হাল ধরেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। তাদের দায়িত্বশীল ব্যাটে ভর করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে টাইগাররা।

দারুণ ব্যাটিংয়ের মাঝেই হঠাৎ পায়ের পেশিতে টান পড়ায় (ক্র্যাম্প) রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিটন। তবে পরে সুস্থ হয়ে আবারও মাঠে নেমে ব্যাটিং করেন এই ডানহাতি ব্যাটার।

লিটন সাময়িক মাঠ ছাড়লে ক্রিজে এসে মারকুটে ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত তিনটি অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম ২০ বলে ১৯ রান, লিটন দাস ৭৮ বলে ৫৮ রান, তাওহীদ হৃদয় ৮৮ বলে ৮৩ রান এবং মোসাদ্দেক হোসেন ৫১ বলে ৫৬ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে জেভিয়ার বার্টলেট ও ম্যাথু রেনশ ২টি করে উইকেট নেন।