ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে, সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হককে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, চকবাজার থানার ওসি বাবুল আজাদকে সিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। চাঁদগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি এবং ডিবি দক্ষিণ বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁদগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সিএমপি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।