ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলকায় আসতেই হঠাৎ ইঞ্জিনে আগুন থেকে ধোয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মাঝে বিকল্প ইঞ্জিনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে আনা হবে। আনা হলেই ময়মনসিংহ চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সচল হবে।
এর আগে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে জেলা গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিড়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে দুই ঘণ্টা ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

