ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি : সংগৃহীত

জাতীয় প্রতিরক্ষা কোর্সের (এনডিসি) ১৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (১ জুলাই) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশ নেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো— বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া ও জাম্বিয়া।

প্রতিনিধি দলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে তাদের স্বাগত জানান ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ব্রির গবেষণা কার্যক্রম, উদ্ভাবন ও সাম্প্রতিক অর্জন বিষয়ে সচিত্র উপস্থাপনা করেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।

উপস্থাপনা শেষে ব্রির কর্মকর্তা ও এনডিসি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির মহাপরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

পরে প্রতিনিধি দলটি ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন গবেষণাগার (ল্যাব) এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। পরিদর্শনকালে ব্রির বিভিন্ন গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন ও অর্জন সম্পর্কে তাদের অবহিত করা হলে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ব্রির বিভাগীয় প্রধান, শাখা প্রধান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।