টাঙ্গাইলের মধুপুরে চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বর্ণিল আয়োজনে দিনটি পরিণত হয় শিশুদের প্রাণবন্ত এক গ্রামীণ সাংস্কৃতিক মিলনমেলায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর ভবন ঘুরে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। এতে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কজুড়ে শোভাযাত্রাটি সবার দৃষ্টি কাড়ে।
শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়। গ্রামীণ সাজে সজ্জিত শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া। মেয়েরা গ্রামীণ নারীর সাজে এবং ছেলেরা কৃষকের বেশে অংশ নেয়। কারও হাতে ছিল হাতপাখা, কুলা; কারও কাঁধে মই ও ঢেঁকি। আবার কেউ বহন করে বিয়ের কনের পালকি। শিশুদের হাতে কাগজের ইলিশ, দোয়েল পাখি, কাঁঠাল, আনারস ও রঙিন নিশান বর্ষবরণকে করে তোলে আরও প্রাণবন্ত।
অন্যদিকে বিদ্যালয় প্রাঙ্গণও সাজানো হয় গ্রামীণ আবহে। বারান্দায় সিঁকেতে ঝোলানো পাতিল, রঙিন বেলুন ও নান্দনিক সাজসজ্জা যেন গ্রামবাংলার চিরচেনা দৃশ্য ফুটিয়ে তোলে।
শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। পরে তারা ঐতিহ্যবাহী পান্তা-ভর্তা ও ছানার স্বাদে মেতে ওঠে, যা আয়োজনকে দেয় বাড়তি আনন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, মিরুল হুদা ও আওয়াল হোসেন। এ ছাড়া স্থানীয় সাংবাদিকেরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ক্ষুদে শিক্ষার্থীদের এ আয়োজনে ফুটে ওঠে বাঙালির শেকড়ের প্রতি ভালোবাসা এবং নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতিচর্চার উজ্জ্বল দৃষ্টান্ত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন