রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী ফরাজী হাসপাতালে জরুরি বিভাগ থেকে শাহ আলম (৫০) নামের এক ব্যবসায়ীর মরদহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এস আই) সৈয়দ জুবায়ের বলেন, আমরা রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দক্ষিণ বনশ্রী ফরাজী হাসপাতালে জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দেখা যায়, মাথার বাম পাশের মধ্যবর্তী কপাল হইতে বাম কানের তলদেশে ও বাম পায়ের গোড়ালির উপরে সামান্য লালচে ছিল। পায়ের পাতা বাঁকানো অবস্থায় পাওয়া যায়। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের তৃতীয় স্ত্রী লিজা আক্তার বলেন, আমার স্বামী তিনটি বিয়ে করেছেন আমি তাদের মধ্যে ছোট, আমার স্বামী বিলবোর্ডের ব্যবসা করতেন। দুই বছর যাবত তার হার্টের রোগ ছিল, গত রাত ১০টার দিকে অস্থিরতা লাগছে বলে আমাকে জানান। পরে আমি তাকে দ্রুত ফরাজী হাসপাতালে নিয়ে গেলে ওখানেই আমার স্বামীর মৃত্যু হয়।
আমার স্বামীর গ্রামের বাড়ি, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কুতুবেরচর বাদুরা বাদ এলাকায়। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে আমরা পূর্ব রামপুরার কুঞ্জবন এলাকার একটি বাসায় থাকি। আমাদের তিন ঘর মিলে চার সন্তান রয়েছে।


