রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে সিএনজি পাম্পের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
মৃত নজরুল ইসলাম পটুয়াখালী দশমিনা থানার পশ্চিম আলিপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি দুই মেয়ে এক ছেলের জনক। তিনি দীর্ঘ ২০ বছর বছর যাবৎ সৌদি আরবে ছিলেন। দেড় বছর আগে বাংলাদেশে আসেন।
নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার বড় ভাই নজরুল ইসলাম গ্রাম থেকে ২-৩ দিন আগে মামলা সংক্রান্ত বিষয়ের কাজে ঢাকায় এসেছিলেন। তিনি লালবাগে ভাগনির বাসায় উঠেছিলেন। রাতে বিমানবন্দর এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরায় স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যান।
এরপর সেখান তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ১০১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

