জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে।
পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি ওই গ্রামের বাবু চন্দ্র বর্মনের পুত্র।
দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকার পর তাকে বৃহস্পতিবার সকাল ৭টায় উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
পরিবারের সদস্যরা এলেই তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় ধানুয়া কামালপুর বিজিবি। বর্তমানে থানায় অবস্থান করছেন ওই বৃদ্ধ।
এর আগে বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দিনভর চলে সীমান্তে উত্তেজনা। টানটান উত্তেজনার মধ্যেই দফায় দফায় পতাকা বৈঠক হলেও বৃদ্ধ ষষ্ঠী বর্মনকে কেউ নিতে রাজি হননি। পরে দুই দেশের স্থানীয়দের মধ্যেও চলে ধাওয়া-পাল্টাধাওয়া।
বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

