ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মানে বিশ্বাসী শিরতাজ জেবিন

রুহুল আমিন ভূঁইয়া
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৪৮ এএম

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শিরতাজ জেবিন। তার অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে নির্মাতা কেএম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে ‘নাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবারের কোরবানির ঈদে জেবিন চারটি নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে থেকে এই ঈদে আলোচিত ‘মায়া পাখি’ নাটকে তিনি ‘সুমাইয়া’ চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। সুমাইয়া চরিত্রটি যদিও কিছুটা নেতিবাচক চরিত্র তারপরও এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্র জেবিন বেশ আগ্রহ নিয়েই অভিনয় করেছেন বলে জানান। নাটকটি প্রচারে আসতেই বেশ আলোচনায় চলে এসেছেন এই অভিনেত্রী।

জেবিন রূপালী বাংলাদেশকে বলেন, ‘চরিত্র নেগেটিভ হলেও আমি পজিটিভ সাড়া পাচ্ছি। দর্শক আমার চরিত্রটি বেশ পছন্দ করেছেন। আমাকে আরও নেগেটিভ চরিত্রে দেখা গেছে। যে কারণে অনেকেই ধারণা করেছেন আমি মানুষ হিসেবেও নেগেটিভ। তবে এটা একদম ভুল ধারণা। কারণ, আমি মানুষটা খুবই পজিটিভ। গল্পের প্রয়োজনে চরিত্রটা বিশ্বাসযোগ্য করার চেষ্টা ছিল। দর্শক যেহেতু চরিত্র নিয়ে কথা বলছেন তাই বলব চেষ্টাটা সফল হয়েছে। এই সাড়া এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘নেগেটিভ চরিত্র থেকে শেখার চেষ্টা করছি। সামনে নিজেকে আরও ইমপ্রুভ করে উপস্থাপন করব। ‘কমেন্ট সেন্স’ নামে আরও একটি নাটক ঈদে মুক্তি পেয়েছে। এটি বার্তানির্ভর একটি কাজ। তবে সবচেয়ে বেশি ‘মায়া পাখি’ থেকে সাড়া পাচ্ছি।’

‘মায়া পাখি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, শাহেদ শরীফ খান, নাজনীন নাহার নীহা প্রমুখ।

ঈদের ছুটি শেষে এখনো কাজে ফিরেননি জেবিন। আসছে ১১ জুন থেকে ‘চাওয়া পাওয়া’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। পরিচালনায় আছেন রাকেশ বসু।

খুব বেছে বেছে নাটকে অভিনয় করছেন জেবিন। অভিনয় শুরু করেছেন খুব বেশি দিন হয়নি। তবে ‘দেনা পাওনা’ ধারাবাহিকটি তাকে পরিচিতি এনে দিয়েছে বলে জানান।

এ প্রসঙ্গে শিরতাজ জেবিন বলেন, ‘দেনা পাওনা আমার অভিনয় জীবনের একটি মাইলফলক। এই নাটকের কারণে আমি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, পাচ্ছি। যেখানে যাচ্ছি, সেখানেই এই নাটকের প্রসঙ্গ উঠছে। এটি একজন শিল্পী হিসেবে আমার জন্য বড় প্রাপ্তি। আমি নির্মাতা রানা ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমি খুব কম কাজ করি। শুরু থেকেই বেছে বেছে গল্পনির্ভর ভালো নির্মাতার কাজ করছি। এই ঈদে চারটি কাজ করেছি। সবগুলো কাজ থেকে কম-বেশি সাড়া পাচ্ছি। অনেক কাজের প্রস্তাব আসে। তবে আমি সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী। কম কাজ করেও দর্শকদের ভালোবাসা পাওয়া যায় তার উদাহরণ হচ্ছে মায়া পাখি।’

জেবিনের শুরুটা হয়েছিল জাকারিয়া শৌখিনের ‘এক মুঠো প্রেম’ নাটকে অতিথি চরিত্রে আফরান নিশোর বিপরীতে অভিনয়ের মাধ্যমে। এরপর আরও বেশ কিছু নাটকে তাকে দেখা গেছে। ওটিটিতেও কয়েকটি কাজ করেছেন। তবে ওটিটির জন্য উল্লেখযোগ্য কিছু কাজ করতে চান। যে কাজগুলো দর্শক হৃদয়ে দাগ কেটে যাবে।

জেবিনের মতে, ‘আমার কাছে মাধ্যম বিষয় না। ভালো কাজের সঙ্গী হতে চাই। ভালো কাজ আপনি যে মাধ্যমেই করবেন না কেন দর্শক দেখবেনই। ভালো পরিচালক, গল্প ও চরিত্র হলে সব মাধ্যমে কাজ করতে চাই। তবে আমার চলচ্চিত্র নিয়ে তেমন আগ্রহ নেই। কেন আগ্রহ নেই তা আমি নিজেও জানি না। আমাদের চলচ্চিত্র আরও উন্নতি হওয়া দরকার। তাহলে সবাই কাজ করতে সাহস পাবে। আপাতত নিজেকে নাটকেই প্রতিষ্ঠিত করতে চাই।’

জেবিন অভিনীত প্রচারের অপেক্ষায় আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘দ্য অভিযান’। ট্রেন জার্নির সঙ্গে নতুন কয়েকজন বন্ধুর গল্প উঠে আসবে এই নাটকে। শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এই নাটকটি নিয়েও আশাবাদী জেবিন।