স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতি ও বীরত্বগাথার ঐতিহাসিক স্থাপনা ‘স্মৃতি অম্লান’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম।
বুধবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত এ স্থাপনা পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত ঐতিহাসিক ১৯৬৭ মডেলের টয়োটা করোনা গাড়িটি পরিদর্শন করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীন সত্তা, আত্মমর্যাদা ও অদম্য মনোবলের এক অবিনাশী মহাকাব্য। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অতুলনীয় আত্মত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের গৌরবগাঁথা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা আমাদের জাতীয় কর্তব্য।
পরিদর্শনকালে তিনি স্বাধীনতার প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সম্যকভাবে অবহিত করতে মুক্তিযুদ্ধের মূল্যবান নিদর্শনসমূহের যথাযথ সংরক্ষণ, গবেষণা ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এর কমান্ড্যান্ট এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘স্মৃতি অম্লান’ মহান স্বাধীনতা যুদ্ধ এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অনন্য স্মৃতিবিজড়িত স্থাপনা। জাদুঘর ও স্মৃতিসৌধের সমন্বয়ে গড়ে ওঠা এ কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ নিদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মারক এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিলসমূহ সযত্নে সংরক্ষিত রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম এড়িয়ার ইতিহাস এবং পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন তথ্যও এখানে উপস্থাপিত হয়েছে।

