মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮শ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের টিম। একই সঙ্গে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে টংগীবাড়ী উপজেলার হাসাইল এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসাইল এলাকার মনির হালদারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে রাসেল আকন্দ (৩১) ও লিটু খান (৬৫) নামে দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল আকন্দ মুন্সীগঞ্জের মূলচর এলাকার রাজ্জাক আকন্দের ছেলে এবং লিটু খান একই এলাকার প্রয়াত নুর মোহাম্মদ খানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় টংগীবাড়ী উপজেলার মূলচর এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করা হয়। সজিব খানের মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে মনির হোসেন (৪৫) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৪০০ পিস ইয়াবা।
গ্রেপ্তারকৃত মনির হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা গ্রামের প্রয়াত ডা. শামসুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর সাইনবোর্ড এলাকার পার্কভিউ অ্যাপার্টমেন্টে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে। অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

