যশোরে উদ্বেগজনকহারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। গত ৬ মাসে জেলায় আরও ৩৫ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৮ জন প্রবাসী, ৫ জন কলেজ শিক্ষার্থী, ১০ জন সমকামী ও ৬ জন অন্যান্য। আক্রান্তদের মধ্যে ৬ জন মারা গেছেন।
বুধবার (১০ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক ওরিয়েন্টেশন শেষে আরএমও ডা. আহসান কবির বাপ্পি এই তথ্য জানান।
ওরিয়েন্টেশনে ডা. একেএম রাফিদ হোসেন জানান, যশোরে আশঙ্কাজনক হারে এইচআইভি (এইডস) আক্রান্তের সংখ্যা বাড়ছে। তরুণ প্রজন্ম ও প্রবাসীদের মধ্যে এই সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এইডসের রেডজোন হিসেবে চিহ্নিত হয়েছে যশোর।
ওরিয়েন্টেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, এইচআইভি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমা এ্যানি প্রমুখ।
ওরিয়েন্টেশনে আলোচকরা বলেন, এইচআইভি আক্রান্তদের মানবাধিকার রক্ষা এবং নৈতিকতা বজায় রেখে স্বাস্থ্য সাংবাদিকতা করা এখন সময়ের দাবি। আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্য দূর করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক তথ্যের প্রচার এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ওরিয়েন্টেশনে ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


