ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঢাক-ঢোল বাজিয়ে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার আঠারবাড়ী ব্রাজিল সাপোর্টার গ্রুপেরর উদ্যোগে ঢাক-ঢোল বাজিয়ে শতাধিক মোটরসাইকেলে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন।
শোভাযাত্রাটি আঠারবাড়ীর রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে আঠারবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। ঢাক-ঢোল, স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে আঠারবাড়ী ইউনিয়ন। পুরো এলাকা যেন পরিণত হয় এক টুকরো ব্রাজিলে।
প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হলুদ-সবুজ জার্সিতে সেজে সমর্থকেরা মেতে ওঠেন আনন্দ-উৎসবে। ছোট-বড় সব বয়সী ভক্তদের উপস্থিতি উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। শুধু তরুণরাই নয়, শিশুদের মাঝেও ছিল ব্রাজিল ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণ।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক সাইফুল জাহান বলেন, ছোটবেলা থেকেই তারা ব্রাজিলকে সমর্থন করে আসছেন। সেই ভালোবাসা নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিতেই এই শোভাযাত্রার আয়োজন। তাদের প্রত্যাশা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপ জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে।
ব্রাজিল সমর্থক কামরুল ইসলাম বলেন, ব্রাজিল ফুটবল মানেই নান্দনিক ও ক্লাসিক ফুটবল। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বর্তমান দলটি এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। আমার বিশ্বাস, ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ মিশন পূরণ করবে।’
শোভাযাত্রার উদ্যোক্তাদের একজন রাকিব হাসান বাবু বলেন, ‘ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই আমাদের এই আয়োজন। ব্রাজিল ফুটবল মানেই শৈল্পিকতা ও সাম্বার ছন্দ, আর সেই ঐতিহ্য এবারও মাঠে দেখা যাবে। এমন শোভাযাত্রা ও মিলনমেলা আঠারবাড়ী তথা ঈশ্বরগঞ্জের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাজ্জাত রনি বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতেই ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অসংখ্য ভক্ত আঠারবাড়ীতে একত্র হয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। আমরা আশাবাদী, ব্রাজিল তাদের চিরচেনা নান্দনিক ও শৈল্পিক ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে এবং ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে।


