ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রীতি ম্যাচে ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:১২ এএম
ছবি : সংগৃহীত

প্রীতি ম্যাচ হলেও কখনো কখনো তা উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেয়। মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় ফোর্তালেজায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল ও ব্রাজিল নারী ফুটবল দলের মধ্যকার ম্যাচটি তারই উদাহরণ। ম্যাচে স্বাগতিক ব্রাজিল ১-০ গোলে হেরে গেলেও ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে লাল কার্ডের ঘটনা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে মোট আটটি লাল কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের প্রধান কোচ আর্থুর এলিয়াস এবং তার তিন সহকারী কোচকে টেকনিক্যাল এরিয়া থেকে বহিষ্কার করা হয়। এছাড়া খেলোয়াড় বিয়া জেনারাত্তো ও তারসিয়ানে লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে আরও দুই ব্রাজিলিয়ান খেলোয়াড়কে লাল কার্ড দেওয়া হয়।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৩তম মিনিটে। যুক্তরাষ্ট্রের সোফিয়া উইলসনের নেওয়া শট ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক লোরেনাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

উত্তর ব্রাজিলের ফোর্তালেজায় ৫৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল একবারও লক্ষ্যে শট রাখতে পারেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র গোলমুখে ছয়টি শট নেয়।

যোগ করা সময়ে ব্রাজিলের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেনারাত্তো, যিনি যুক্তরাষ্ট্রের এমিলি সনেটকে ধাক্কা দিয়েছিলেন। পরে সতীর্থ তারসিয়ানে সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষ হওয়ার পরও উত্তেজনা অব্যাহত ছিল। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ব্রাজিলের ক্যারোলিন ও লুদমিলা লাল কার্ড পান।

এটি ছিল ব্রাজিলে দুই দলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ। এর আগে সাও পাওলোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল।

ছয়বারের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার মার্তা ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার ২১২তম ম্যাচ।

অন্যদিকে, ম্যাচের ৩০তম মিনিটে এমিলি সনেটের সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে চোট পান ২০ বছর বয়সী ফরোয়ার্ড দুদিনিয়া। তীব্র ব্যথার কারণে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। তবে দ্বিতীয়ার্ধে তিনি ক্রাচের সাহায্যে বেঞ্চে ফিরে আসেন।

সাও পাওলো ও ফোর্তালেজার যেসব স্টেডিয়ামে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেগুলো আগামী বছরের নারী বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নভেম্বর মাসে তাদের বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করবে।