ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইসরায়েলের ‘আগ্রাসন’ তুরস্ক ও পুরো বিশ্বের জন্য হুমকি: এরদোয়ান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৩:০৮ এএম
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের চলমান সামরিক কর্মকাণ্ড এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তুরস্কের নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে। তার মতে, ইসরায়েলের এই নীতিকে শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকি হিসেবে দেখা উচিত।

বুধবার দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তিনি দাবি করেন, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতির অবনতি সরাসরি তুরস্কের স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।

গাজা, লেবানন ও ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর অবস্থানে রয়েছে তুরস্ক। এরই ধারাবাহিকতায় আঙ্কারা ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এরদোয়ান আরও অভিযোগ করেন, ইসরায়েল আফ্রিকার বিভিন্ন অঞ্চল এবং পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে সাইপ্রাস ইস্যুতেও বিভাজনকে উসকে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

তার ভাষ্য, কিছু পক্ষ নিজেদের সক্ষমতার বাইরে গিয়ে পূর্ব ভূমধ্যসাগরে অবাস্তব লক্ষ্য অর্জনের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে তারা ইসরায়েলের নীতিকে সমর্থন দিচ্ছে। তবে তুরস্ক ও তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ক্ষুণ্ন করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে আঙ্কারা কঠোর অবস্থান নেবে বলেও সতর্ক করেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বনেতাদের আরও দৃঢ় ও স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। তার মতে, বৈশ্বিক নীরবতা ইসরায়েলকে আরও সাহস জোগাচ্ছে।

অন্যদিকে, এরদোয়ানের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এরদোয়ানকে ইহুদিবিদ্বেষী ও স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি কুর্দিদের বিরুদ্ধে সহিংসতা ও রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নের অভিযোগও তোলেন।

নেতানিয়াহু বলেন, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল ও দেশটির প্রতিরক্ষা বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে। তার দাবি, এসব পক্ষ মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।