ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা, সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৩:১৭ এএম
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অঞ্চলটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বুধবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামান্য ভুল সিদ্ধান্তও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

তিনি সতর্ক করে বলেন, ছোট কোনো সংঘর্ষ বা অগ্নিস্ফুলিঙ্গ দ্রুত বড় আকার ধারণ করতে পারে এবং শেষ পর্যন্ত তা একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।

জাতিসংঘ মহাসচিবের ভাষ্য, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সংযম প্রদর্শন জরুরি। কারণ ভুল হিসাব কিংবা অসতর্ক পদক্ষেপ গোটা অঞ্চলে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে।