মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে নিয়মিত বিপুল পরিমাণ তেল সরিয়ে আনার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রতি রাতে ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল বের করে আনছে। তার ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের কারণেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পায়নি।
তিনি আরও দাবি করেন, যদি এ উদ্যোগ নেওয়া না হতো, তাহলে প্রতি ব্যারেল তেলের দাম ২৫০ ডলারের কাছাকাছি পৌঁছে যেতে পারত। বর্তমানে দাম ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে থাকার পেছনে তার প্রশাসনের ভূমিকাই প্রধান বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনার মুখেও পড়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে নিজের সরকারের পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতেই তিনি এ দাবি করেছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
একই সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, সংঘাতের অবসান ঘটলে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।
তবে ইরান থেকে কী উপায়ে কিংবা কোন ব্যবস্থার মাধ্যমে এত বিপুল পরিমাণ তেল সরানো হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
সূত্র: আল-জাজিরা

