ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপে পেনাল্টিতে এগিয়ে কে, মেসি নাকি রোনালদো?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:৫২ এএম
ছবি : সংগৃহীত

আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সেই সূত্র ধরে বিশ্বকাপের আসরে পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তুলনা যেন কখনোই থামে না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে গোল, অ্যাসিস্ট কিংবা ম্যাচ নির্ধারণী পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি পেনাল্টি থেকে গোল করার দক্ষতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে।

ফিফার অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, টাইব্রেকারের শুটআউট বাদ দিলে বিশ্বকাপের মূল ম্যাচে দুজনই একাধিকবার পেনাল্টি নেওয়ার সুযোগ পেয়েছেন। লিওনেল মেসি বিশ্বকাপে মোট ৬টি পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে ৪টিতে সফল হয়েছেন। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো ৪টি পেনাল্টি থেকে ৩টি গোল করেছেন।

রোনালদোর তিনটি পেনাল্টি গোল এসেছে ২০০৬ বিশ্বকাপে ইরানের বিপক্ষে, ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে এবং ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে। অন্যদিকে মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। সে আসরে সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

গোলসংখ্যার বিচারে বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে মেসি এগিয়ে আছেন রোনালদোর চেয়ে। বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বাধিক গোলদাতাদের তালিকাতেও তার অবস্থান এগিয়ে।

তবে সাফল্যের হার বিবেচনায় চিত্রটি কিছুটা ভিন্ন। রোনালদোর পেনাল্টি সফলতার হার ৭৫ শতাংশ, যেখানে মেসির সফলতার হার ৬৬ দশমিক ৭ শতাংশ। ফলে মোট গোলের সংখ্যায় মেসি এগিয়ে থাকলেও পেনাল্টি থেকে গোল করার কার্যকারিতার হিসেবে রোনালদো সামান্য এগিয়ে রয়েছেন।