ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

পেলে-ম্যারাডোনাকে টপকে নতুন বিশ্বরেকর্ডের পথে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞ। এবারের বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ ৪৮টি দেশ অংশ নিচ্ছে।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দাঁড়িয়ে আছেন নতুন এক বিশ্বরেকর্ডের সামনে। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন এই ফুটবল জাদুকর। পেলের-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ এখন তার সামনে।

গোল করা-করানোর ক্ষেত্রে মেসির জুড়ি নেই। বিশ্বকাপে অ্যাসিস্ট বা গোল করানোর তালিকায় শীর্ষে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তার মোট অ্যাসিস্ট ১০টি। ম্যারাডোনার সমান সংখ্যাক অ্যাসিস্ট (৮) টি নিয়ে মেসি আছেন যৌথভাবে দুই নাম্বারে। আর মাত্র ২টি অ্যাসিস্ট করলেই তিনি পেলেকে ছাড়িয়ে সবার উপরে উঠে যাবেন।

গোলের হিসেবেও মেসি দারুণ ছন্দে আছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৩টি। এই তালিকায় তিনি বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে। তিনি চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন। ক্লোসার এই রেকর্ড ছুঁতে মেসির প্রয়োজন আর মাত্র ৩টি গোল।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্লোসার পরেই আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। তিনি ১৯ ম্যাচে ১৫টি গোল করেছেন। তৃতীয় স্থানে আছেন পশ্চিম জার্মানির কিংবদন্তি গার্ড মুলার, যিনি মাত্র ১৩ ম্যাচেই ১৪টি গোল করেছেন। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে মেসি গোলসংখ্যা ১৩ তে নিয়ে এসেছেন। এখন তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইনের সাথে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন।

এদিকে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামলেই অনন্য এক কীর্তি গড়বেন মেসি। জাতীয় দলের হয়ে এটি হবে তার ২০০তম ম্যাচ। আর্জেন্টিনার ইতিহাসে আর কেউ জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার সুযোগ পাননি। বর্তমানে ১৯৯ ম্যাচ খেলে তিনিই সবার উপরে। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১১৭ গোলের মালিকও মেসি নিজে। ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি আজ ৩৮ বছর বয়সেও মাঠ কাঁপাচ্ছেন।

সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডেও মেসি সবাইকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি নতুন নজির গড়েছেন। গোলটি করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। তিনি এই রেকর্ডের মাধ্যমে কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনাকে পেছনে ফেলেছেন।

ফুটবল প্রেমীদের চোখ এখন মেসির দিকে। মেসি আবারও প্রমাণ করেছেন যে, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। পুরো বিশ্ব এখন অপেক্ষা করছে— দেখার জন্য তিনি আরও কত কী উপহার দেন।