ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কোস্টারিকার বিপক্ষে ইংল্যান্ডের আত্মবিশ্বাসী জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১১:৩৪ এএম
ছবি : সংগৃহীত

তীব্র ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পরও ম্যাচে ইংল্যান্ডের ছন্দে কোনো ব্যাঘাত ঘটেনি। অ্যান্থনি গর্ডন ও জুড বেলিংহামের দারুণ পারফরম্যান্সে কোস্টারিকার বিপক্ষে ‘আত্মবিশ্বাসী’ জয় তুলে নেয় থ্রি লায়ন্স।

বিশ্বকাপের আগে বুধবার (১০ জুন) রাতে শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলের জয় পায়। প্রথমার্ধে ডেকলান রাইস এবং দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডন ও অলি ওয়াটকিন্স গোল করেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় কোস্টারিকাকে চাপে রাখে ইংল্যান্ড। ম্যাচের ৯ মিনিটে গর্ডনের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডেকলান রাইস।

১০ নম্বর পজিশনে মর্গ্যান রজার্সের বদলে শুরুর একাদশে সুযোগ পান জুড বেলিংহাম। ৩৬ মিনিটে তার বাড়ানো বল থেকে গোলের সুযোগ পেলেও ননি মাদুয়েকে তা কাজে লাগাতে পারেননি। আর্সেনাল ফরোয়ার্ড গোলরক্ষক প্যাট্রিক সেকুয়েরাকে কাটিয়ে ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্টে লেগে ফিরে আসে।

এরপর ৬৮ মিনিটে বেলিংহামের দারুণ এক দৌড় ইংল্যান্ডের দ্বিতীয় গোলের পথ তৈরি করে। তার পাস থেকে বদলি খেলোয়াড় এবারিচি এজের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি অ্যান্থনি গর্ডন।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বদলি হিসেবে নামা অলি ওয়াটকিন্স নিখুঁত হেডে কোস্টারিকার রক্ষণ ভেঙে দলের তৃতীয় গোলটি করেন।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া আসরে ‘এল’ গ্রুপে খেলবে তারা। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে থ্রি লায়ন্সদের বিশ্বকাপ অভিযান। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।