ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাবনা অনুমোদন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদনের পর আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট হতে যাচ্ছে।

প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। এতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের ব্যবধানের কারণে বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণের পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহায়তা থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

অর্থনীতির গতি বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।