চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে হেনেস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১১ জানুয়ারি) রাতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে প্রকাশ্যে অপমান, ভীতি প্রদর্শন কিংবা শারীরিকভাবে হেনেস্তা করা শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতা তৈরি করে। কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। এ ক্ষেত্রে ‘মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাদা দল নেতারা বলেন, এ ধরনের ঘটনা এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে, যা শিক্ষার পরিবেশের জন্য হুমকি। গত কয়েক মাসে ক্যাম্পাসগুলোতে মব সংস্কৃতি ও শিক্ষক নিপীড়নের প্রবণতা আবারও বাড়ছে, যা উদ্বেগজনক। এসব আগ্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সাদা দল।
বিবৃতিতে আরও বলা হয়, আইন নিজের হাতে তুলে নেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংগঠনটি জোরালো দাবি জানায়—২৪ শে জুলাইয়ের আন্দোলনের বিরোধিতা করে যাঁরা সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি ও হেনেস্তা করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ও সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
সাদা দলের মতে, প্রকৃত অপরাধীরা যেন দীর্ঘদিন শাস্তির বাইরে না থাকে। পাশাপাশি ভিন্ন মতাবলম্বী হলেও নিরপরাধ কেউ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

