ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

যশোরে রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০২:২৪ পিএম
ছবি : সংগৃহীত

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তার বাড়ির প্রাচীর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ খান।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাশেদ খানের বাড়ি পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঘটনাস্থল ঘুরে দেখে ন্যায়বিচারের আশ্বাস দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টার দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে অভিযুক্তরা রাশেদ খানকে মারধর করেন। একই সঙ্গে তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে দাবি করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

রাশেদ খানের দাবি, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান রাশেদ খান।

এদিকে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।