রাজধানীর রমনা থানার সিদ্ধেশ^রী বয়েজ স্কুল-সংলগ্ন আনারকলি সুপার মার্কেটের পার্কিং এলাকায় সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক রিয়াজুল ও আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সাবেক যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে তার পরিবার। ঘটনার পরপরই যুবদল নেতা দিদারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, বিল্লাল হোসেন হত্যাকা-ের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একজন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ছয় থেকে সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় হত্যাকা-ে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ওরফে রিয়াজ ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিল্লাল হোসেন তালুকদার হত্যাকা-ের প্রাথমিক তদন্তে স্থানীয় বিরোধ ও তর্কাতর্কির জেরে এ হত্যাকা- ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি)। দুজনকে আটক করার পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে নয়, অপরাধে সম্পৃক্ততার ভিত্তিতেই তদন্ত চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক আল আমিন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রিয়াজুল ওই ওয়ার্ডের একজন কর্মী। এ ঘটনায় আরও যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপি বলছে, হত্যাকা-ের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে স্থানীয় বিরোধের তথ্য মিললেও ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিস্তারিত তুলে ধরে নিহত বিল্লালের স্বজনরা জানান, গত সোমবার সন্ধ্যায় মৌচাকের আনারকলি মার্কেট এলাকায় তার ভাগ্নে মোবারক হোসেন আকাশকে কয়েকজন মারধর করেন। খবর পেয়ে বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে যান বিল্লাল হোসেন তালুকদার। সেখানে যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক লুৎফরের সঙ্গে তার বাগবিত-া হয়। একপর্যায়ে হামলার ঘটনায় বিল্লাল গুরুতর আহত হন।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত বিল্লালের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বড় ছেলে হৃদয় হোসেন তালুকদার জানান, প্রথম জানাজা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় নেওয়া হবে এবং সেখানে দাফন করা হবে।
এদিকে হত্যাকা-ের পর রাজনৈতিক অঙ্গনেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে আনারকলি সুপার মার্কেটের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিল্লাল হোসেন পেশায় সিমেন্ট ও বালু ব্যবসায়ী ছিলেন। তিনি দুই বিয়ে করেছিলেন ও ছয় সন্তানের বাবা। মগবাজারের দুই এলাকায় তার দুটি পরিবার বসবাস করে।
নিহতের ভাগিনা আকাশের দাবি, ঘটনার সময় বিল্লাল হোসেনসহ কয়েকজন আনারকলি পার্কিং স্পটে অবস্থান করছিলেন। এ সময় দিদারুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। আকাশের ভাষ্য অনুযায়ী, দিদারুল ইসলাম বাবু প্রথমে একটি ছুরি দিয়ে বিল্লালকে আঘাত করার চেষ্টা করলে ধস্তাধস্তির মধ্যে ছুরিটি তার হাত থেকে মাটিতে পড়ে যায়। পরে দিদারুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রিয়াজুল ছুরিটি তুলে নিয়ে বিল্লালের বুকে সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন