নামাজ পড়ার অনুমতি নিয়ে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া নিজেকে বিএনপি নেতা দাবি করা গোলাম আজমকে (৪৫) গ্রেপ্তার করেছে পল্টন থানার পুলিশ। রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকা থেকে গত বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা দায়ের করেন। বাদীর করা মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে গত সোমবার পুরানা পল্টনে তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়। ওই সময় আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজে ইমামতি শুরু করেন, কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে তার বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও মানব পাচারসংক্রান্ত একাধিক মামলার অভিযোগ আছে। এ ছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকলেও দলে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর ধরে তিনি দল থেকে বহিষ্কৃত বলেও জানা যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ‘আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন