রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তথ্য একটি শক্তি। আর নিরাপত্তাব্যবস্থার ক্ষেত্রে সেই তথ্যই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা কিংবা রাষ্ট্রের নিরাপত্তা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে তথ্যের ওপর ভিত্তি করে। কোনো এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে, কোথায় সহিংসতার আশঙ্কা রয়েছে, কারা আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠতে পারে কিংবা কোন পরিস্থিতিতে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা প্রয়োজনÑ এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত নানা ধরনের মূল্যায়ন ও পরিকল্পনা তৈরি করা হয়। এসব তথ্যের একটি বড় অংশ স্বভাবতই সীমিত পরিসরে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। কারণ তথ্যের গোপনীয়তা নষ্ট হলে অনেক ক্ষেত্রেই নিরাপত্তা পরিকল্পনার কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কিন্তু সাম্প্রতিক সময়ে পুলিশের বিভিন্ন অভ্যন্তরীণ নির্দেশনা, গোয়েন্দা সতর্কবার্তা এবং নিরাপত্তা মূল্যায়ন-সংক্রান্ত নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে। সর্বশেষ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সতর্কবার্তা অল্প সময়ের মধ্যেই প্রকাশ্যে চলে আসার ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। বিষয়টি শুধু একটি নথি ফাঁস হওয়ার ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তাব্যবস্থার ভেতরে থাকা দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি এবং তথ্য সুরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে।
বিশেষজ্ঞদের মতে, কোনো নিরাপত্তা পরিকল্পনা আগেভাগে ফাঁস হয়ে গেলে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হয় সেই ব্যক্তি বা গোষ্ঠী, যাদের লক্ষ্যবস্তু করে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। তারা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে, কার্যক্রম গোপন করতে পারে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এড়িয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।
এই পরিস্থিতিতে তথ্য ফাঁসের সম্ভাব্য কারণগুলো গভীরভাবে খতিয়ে দেখা জরুরি। প্রশাসনের অভ্যন্তরে রাজনৈতিক আনুগত্যের প্রভাব, ব্যক্তিগত স্বার্থ, অসন্তোষ কিংবা অননুমোদিত যোগাযোগের মাধ্যমে তথ্য বাইরে চলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা, সাইবার নিরাপত্তার ঘাটতি কিংবা ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্মের অপব্যবহারও একটি কারণ হতে পারে।
এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রথমত, তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে কার্যকর তদন্তব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে, কোন তথ্য কার কাছে যাচ্ছে এবং কে তা ব্যবহার করছে, তার একটি কার্যকর ট্র্যাকিংব্যবস্থা চালু করা প্রয়োজন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে তথ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও পেশাগত জবাবদিহি আরও জোরদার করতে হবে।
রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো কেবল বাহ্যিক হুমকির বিরুদ্ধে লড়াই করে না। অভ্যন্তরীণ দুর্বলতার সঙ্গেও লড়াই করতে হয়। অনেক সময় বাইরে থেকে আঘাতের চেয়ে ভেতরের ফাঁকফোকরই বেশি ক্ষতিকর হয়ে ওঠে। তাই সাম্প্রতিক তথ্য ফাঁসের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এগুলোকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রশাসনিক সক্ষমতার প্রশ্ন হিসেবে বিবেচনা করতে হবে।
একটি কার্যকর, পেশাদার ও জন-আস্থাভিত্তিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হলে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতেই হবে। কারণ নিরাপত্তা পরিকল্পনা যদি বাস্তবায়নের আগেই জনসমক্ষে চলে আসে, তা হলে সেই ব্যবস্থার ওপর আস্থা দুর্বল হয়ে পড়ে। রাষ্ট্রের স্বার্থে, প্রশাসনের স্বার্থে এবং সর্বোপরি জননিরাপত্তার স্বার্থে তথ্য ফাঁসের উৎস খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কোনো বিকল্প নেই। নিরাপত্তাব্যবস্থার শক্তি কেবল তার দৃশ্যমান সক্ষমতায় নয়, এটি তার গোপনীয়তা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার সামর্থ্যওে নিহিত। যেকোনো মূল্যে সেই সামর্থ্য অটুট রাখাতেই হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন