ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও সেনা হামলায় চার ফিলিস্তিনি নিহত, দুই ইসরায়েলির প্রাণহানি

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৮ এএম

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তাল গ্রামে ইসরায়েলি সশস্ত্র বসতি স্থাপনকারী (সেটেলার) ও সামরিক বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলিও, যাদের একজন পেশায় নিরাপত্তারক্ষী, অন্যজন সেনাসদস্য। স্থানীয় ফিলিস্তিনি অধিবাসীদের মতে, ভোরের আলো ফোটার পরপরই প্রায় ৩০ জন সশস্ত্র বসতি স্থাপনকারী হঠাৎ করে তাল গ্রামের সাধারণ ফিলিস্তিনিদের বাড়িঘরে তা-ব ও হামলা চালাতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের ঘরবাড়ি রক্ষা করতে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘাত শুরু হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই এই সহিংস আক্রমণ চালানো হয়। ফাতাহ পার্টির স্থানীয় নেতা এছাম সাইফি জানিয়েছেন, বসতি স্থাপনকারীরাই প্রথমে স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরবর্তীতে ইসরায়েলি বাহিনী সেখানে পৌঁছে ফিলিস্তিনিদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই চার ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরো ঘটনার জন্য ফিলিস্তিনিদের দায়ী করে সম্পূর্ণ বিপরীত দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, তাল গ্রামে পথচারী ও ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবর পেয়ে সেনাবাহিনী সেখানে পৌঁছায়। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, স্থানীয় ফিলিস্তিনি সশস্ত্র ব্যক্তিরা এক নিরাপত্তারক্ষীর অস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে সেনাসদস্যদের সঙ্গে গোলাগুলিতে সেই ফিলিস্তিনিরা নিহত হন।