ব্যক্তিগত জনপ্রিয়তা বা বাজারমূল্যের বিচারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে পুরো স্কোয়াডের সম্মিলিত বাজারমূল্য বিচারে ৪৭টি দেশকে পেছনে ফেলেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দল এখন ফ্রান্স। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই তালিকায় আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের অবস্থান কোথায়?
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফিফা বিশ^কাপ ২০২৬। এর আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে ফ্রান্স। ‘লেস ব্লুস’-এর মোট বাজারমূল্য প্রায় ১.৬৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২০ হাজার ৫০৪ কোটি টাকা (১ ডলার সমান ১২২.৭৮ টাকা ধরে)। এই দলের সবচেয়ে মূল্যবান ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার একার বাজারমূল্যই প্রায় ২ হাজার ৮৫০ কোটি টাকা। তারকায় ঠাসা এই দলকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।
সবচেয়ে দামি দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেন ও জুড বেলিংহ্যামদের নিয়ে গড়া দলটির মোট বাজারমূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৫৫৭ কোটি টাকা। ইংল্যান্ডের সবচেয়ে মূল্যবান ফুটবলার জুড বেলিংহ্যাম, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৯৯৫ কোটি টাকা। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া এই দলও শিরোপার অন্যতম দাবিদার।
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। এরপর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পর্তুগাল এবং জার্মানি। স্পেনের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১.৩৭ বিলিয়ন ডলার, পর্তুগালের ১.১১ বিলিয়ন ডলার এবং জার্মানির ১.০৯ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা যথাক্রমে প্রায় ১৬ হাজার ৮২০ কোটি, ১৩ হাজার ৬২৮ কোটি এবং ১৩ হাজার ৩৮২ কোটি টাকা।
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল, সপ্তম স্থানে নেদারল্যান্ডস এবং অষ্টম স্থানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ৯৯৪.১ মিলিয়ন, নেদারল্যান্ডসের ৯১২.৫ মিলিয়ন এবং আর্জেন্টিনার ৮৯১.১ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১২ হাজার ২০৫ কোটি, ১১ হাজার ২০৩ কোটি এবং ১০ হাজার ৯৪০ কোটি টাকা।
বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দশ দলের তালিকায় জায়গা করে নিয়েছে নরওয়ে ও বেলজিয়ামও। নরওয়ের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ৬৫৫.১ মিলিয়ন ডলার বা ৮ হাজার ৪৩ কোটি টাকা। অন্যদিকে বেলজিয়ামের বাজারমূল্য প্রায় ৫৯১.৮ মিলিয়ন ডলার, যা টাকায় প্রায় ৭ হাজার ২৬৬ কোটি টাকা।
তিন আয়োজক দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৫ হাজার ৩৯১ কোটি টাকার স্কোয়াডমূল্য নিয়ে তারা রয়েছে ১৮তম স্থানে। কানাডা রয়েছে ২৬তম স্থানে, তাদের স্কোয়াডের মূল্য প্রায় ২ হাজার ৮৯৩ কোটি টাকা। মেক্সিকো রয়েছে ২৭তম স্থানে, তাদের বাজারমূল্য প্রায় ২ হাজার ৭৭২ কোটি টাকা।
এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান দল জাপান। প্রায় ৩ হাজার ৯৭৪ কোটি টাকার স্কোয়াড নিয়ে তারা রয়েছে ২২তম স্থানে। দক্ষিণ কোরিয়া রয়েছে ৩৩তম স্থানে, তাদের বাজারমূল্য প্রায় ২ হাজার ২৮ কোটি টাকা। অন্যদিকে, এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বাজারমূল্যের দল জর্ডান। তাদের পুরো স্কোয়াডের মূল্য মাত্র ২৭৮ কোটি টাকার কাছাকাছি।

