ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া বাক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই এলাকায় লোকজনের ভিড় জমে যায়। এতে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে ধীরগতিতে যানবাহন চলাচল করে। পরে বেলা ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেনÑ উপজেলার শাহবাজপুর গ্রামের আরশ আলী (৬৫) ও তার নাতি আলিফ মিয়া (৭)। এ ছাড়া আলিফের দুই ভাই তাজিম (২), আজমাইন (৯) ও মা রিক্তা আক্তার (৪০) আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডার দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে বৈশামুড়াবাক এলাকায় পৌঁছে সেটি পণ্যবাহী একটি ট্রাককে অতিক্রম করে। এ সময় অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের চার যাত্রী।
দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের সরাইল ইউনিট ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনরা লাশ নিজ জিম্মায় বাড়িতে নিয়ে যান।
দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যান বলে জানান হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম। তিনি বলেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

