চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ২০২৮ সাল নতুন চারটি বিষয় যুক্ত করে শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে এক লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই : গতকালের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০ জুলাই ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ‘এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ করব, সেই নির্দেশনা দিয়ে দিয়েছি।’ পরে ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, ২০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৪ জুন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। সারা দেশের মোট তিন হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
২০২৮ থেকে নতুন শিক্ষাক্রম : একই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সরকার ২০২৮ সাল থেকে যে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে। এর মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় পড়তে হবে চতুর্থ শ্রেণি থেকে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। এ ছাড়া নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে ‘বড় অধ্যায়’ যুক্ত হতে পারে।
মন্ত্রী বলেন, ‘আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তবসম্মতভাবে রিভাইজ করে ২০২৭ সালে দিচ্ছি। আর টোটাল চেইঞ্জ যেটা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয়। কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।’
এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কথা জানান।
তিনি বলেন, ‘১৬ বছরের সব সমস্যা হয়তো এক দিনে এক বছরে সমাধান করা যাবে না। আমরা বিশ^াস করি, আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। যতটা দ্রুতসম্ভব আমরা প্রয়োজনীয় পরিবর্তন আনব।’
নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘তৃতীয় ভাষার ওপর একটা বড় চ্যাপ্টার আমাদের এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে, তার ভেতরে আসবে। সুতরাং নতুন সাবজেক্ট অ্যাড হচ্ছে চারটা। নতুন একটা এক্সপ্যান্ডেড চাপ্টার অ্যাড হবে। সেগুলো কোনোটা ক্লাস ফোর থেকে, কোনোটা ক্লাস সিক্স থেকে।’
শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ : আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে এক লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া যেতে পারে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘এই অর্থবছরে আমরা জিডিপির ২ শতাংশ পাচ্ছি প্রধানমন্ত্রী থেকে। তিনি আশ^স্ত করেছেন (ভবিষ্যতে) এই বাজেট (জিডিপির) ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করা হবে। এবার আমরা পাচ্ছি টেকনিক্যাল মাদ্রাসায় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে) ১৮ হাজার কোটি টাকা।’
তিনি আরও বলেন, ‘যেহেতু বাজেট ঘোষণা হয়নি, এটা আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা আশা করছি এক লাখ ২৩ হাজার কোটি টাকা আমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

