নওগাঁ জেলায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং মানহীন পণ্য রোধে বিশেষ অভিযান চালিয়েছে বিএসটিআই ও জেলা প্রশাসন। গতকাল সোমবার সদর উপজেলায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে একটি বেকারিকে অর্থদ- দেওয়ার পাশাপাশি জ্বালানি তেলের মজুত ও পরিমাপ যাচাই করা হয়।
অভিযানকালে শহরের পারনওগাঁ এলাকায় অবস্থিত মেসার্স নাজমুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মোড়কে বিধি মোতাবেক প্রয়োজনীয় তথ্য উল্লেখ করেনি এবং তাদের কোনো মোড়কজাত নিবন্ধন সনদও ছিল না।
ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধি লটি বাইপাস রোডের মেসার্স গণি ফিলিং স্টেশন এবং সান্তাহার রোডের মেসার্স সোহাগ ফিলিং স্টেশন পরিদর্শন করেন। সেখানে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট পাম্পগুলোতে তেলের মজুত যাচাই করেন এবং সরবরাহ থাকা পর্যন্ত নিয়মিত বিক্রি ও বিতরণ অব্যাহত রাখার নির্দেশ দেন। এ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে পেট্রোল পাম্প মালিকদের কঠোর নির্দেশ প্রদান করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন