পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ সামনে রেখে প্রাথমিক ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ক্লাস শেষের পর থেকে এ ছুটি শুরু হয়। এর ফলে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ১৬ দিন এবং মাদরাসা ২৩ দিন বন্ধ থাকবে। তবে প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবারও ক্লাস চলবে। রোজায় বন্ধের কারণে পাঠদানের ঘাটতি পূরণে আগে থেকেই ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক ছাড়া দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাল রোববার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় গত বৃহস্পতিবারই ছিল ছুটির আগে শেষ ক্লাস।
চলতি বছর ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এতে শিক্ষার্থীরা টানা ১৬ দিন ছুটি পাচ্ছে।
অন্যদিকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ২৪ মে ছুটি শুরু হবে, যা চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিন ছুটি পাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন