ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এখন বইছে নির্বাচনি হাওয়া। ব্যানার, ফেস্টুন ও গণসংযোগে মুখর এই এলাকা। তবে এর মধ্যেই ভিন্নধর্মী প্রচার ও সুশৃঙ্খল সামাজিক-রাজনৈতিক কর্মকা- দিয়ে সাধারণ মানুষের নজর কাড়ছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। দিন-রাত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরলস ছুটে চলায় স্থানীয় রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনায় আছেন তিনি। নির্বাচনি প্রচারের পাশাপাশি সম্প্রতি তার নেওয়া মানবিক ও উৎসবমুখর কিছু উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
সেলিমের পরিবারের সদস্যরা জানান, ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক রোষানলের কারণে দীর্ঘদিন প্রবাসে অনেকটা নির্বাসিত জীবন কাটান জসিম উদ্দিন সেলিম। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরে নাড়ির টানে বিশ্বনাথে ছুটে এসেছেন তিনি। এখন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রতিটি বাজারে গিয়ে তিনি গণসংযোগ এবং বিভিন্ন পাড়া-মহল্লায় উঠান বৈঠক করছেন। একই সঙ্গে এলাকার যুবসমাজকে চাঙ্গা করতে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকা-েও সক্রিয় যুক্তরাজ্য বিএনপির এই সাবেক শীর্ষ নেতা।
সম্প্রতি জসিম উদ্দিন সেলিমের উদ্যোগে এলাকায় আয়োজিত ‘ঈদ আনন্দ মেলা’ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের দেওয়া তথ্যমতে, বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সুপেয় পানির কষ্ট দূর করতে তিনি নিজস্ব উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করেন। একই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ত করতে বিভিন্ন টুর্নামেন্টে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র জানায়, জসিম উদ্দিন সেলিমের প্রচারের ধরন ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ ভোটারদের আকৃষ্ট করছে। বিশেষ করে উঠান বৈঠকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়া এবং সামাজিক কর্মকা-ে তার সরাসরি অংশগ্রহণ ইতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, জসিম উদ্দিন সেলিমের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিশ্বনাথের প্রতিটি বাজার ও উঠান বৈঠক স্থানীয় নির্বাচনি সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলছে। প্রচারের পাশাপাশি সামাজিক, মানবিক ও ক্রীড়া ক্ষেত্রে তার এই বহুমুখী সম্পৃক্ততা আগামী দিনে তাকে বিশ্বনাথের রাজনীতিতে আরও সুদৃঢ় ও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জসিম উদ্দিন সেলিমের নির্বাচনি প্রচার পরিচালনা কমিটির সভাপতি এবং বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিদ আলী বলেন, বিএনপির জন্য তিনি নিবেদিতপ্রাণ। বাংলাদেশে থাকাকালে ছাত্রদলকে সুসংগঠিত করেছেন। পরে ব্রিটেনে বিএনপিকে এগিয়ে নিতে অবদান রেখেছেন। গুরুদায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়। আমরা আশা করছি দল তাকে মূল্যায়ন করবে। এলাকার মানুষ চায় তার মতো শিক্ষিত, সজ্জন, সৎ ও সাহসী মানুষ জনপ্রতিনিধি হয়ে আসুন। দলও নিশ্চয় তা-ই চাইবে। তার সঙ্গে সকলের সখ্য রয়েছে। সবাই তাকে নিশ্চয়ই সমর্থন করবেন।
নিজের ব্যস্ততা, উন্নয়নমূলক কাজ ও প্রচার প্রসঙ্গে জসিম উদ্দিন সেলিম বলেন, বিশ্বনাথ আমার জন্মস্থান। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। সাধারণ মানুষের সুপেয় পানির সংকট দূর করতে নলকূপ স্থাপন কিংবা সবার মুখে হাসি ফোটাতে ঈদ আনন্দ মেলার আয়োজনÑ এগুলো কোনো নির্বাচনি চটক নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ববোধ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, যুবসমাজের উন্নয়ন এবং বিশ্বনাথের সার্বিক অগ্রগতিতে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। সাধারণ মানুষের ভালোবাসা ও দলের তৃণমূল নেতাকর্মীদের আগ্রহ দেখে আমি সত্যিই অভিভূত।

