ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক এক

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৩৮ এএম

চট্টগ্রামের টেকনাফে প্রায় চার কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় গত রোববার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।