সরকারি নিয়ম অনুসারে প্রকল্প শেষ হওয়ার তিন মাসের মধ্যে প্রকল্প সমাপনী প্রতিবেদন (পিসিআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের (বুটেক্স) একটি উন্নয়ন প্রকল্পের পিসিআর দুই বছর পার হলেও জমা পড়েনি। এ নিয়ে বারবার তাগিদ দেওয়ার পরও ভিসি জুলহাস উদ্দিন প্রতিবেদন জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে দ্রুত পিসিআর জমা না দিলে বিশ^বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প গ্রহণে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
গতকাল রোববার ইউজিসির পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়ন শাখা থেকে বুটেক্সের উপাচার্যকে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ১৯২ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়সংবলিত ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০২৪ পর্যন্ত বাস্তবায়নের জন্য নির্ধারিত ছিল। সরকারি পরিপত্র অনুযায়ী প্রকল্প শেষ হওয়ার তিন মাসের মধ্যে প্রকল্প সমাপনী প্রতিবেদন (পিসিআর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এখন পর্যন্ত পিসিআর জমা দেননি ভিসি। এ কারণে আইএমইডি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং ইউজিসি থেকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ইউজিসি জানায়, পিসিআর প্রণয়নসংক্রান্ত জটিলতা নিরসনে গত বছরের ৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বুটেক্স ও ইউজিসির প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বুটেক্স ভিসি, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে আরেকটি সভা করা হয়।
চিঠি অনুযায়ী, গত ২২ ডিসেম্বর প্রকল্প পরিচালক লিখিতভাবে ইউজিসিকে জানিয়েছিলেন যে, প্রকল্পের পিসিআর জমা দেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতির পরও এখন পর্যন্ত প্রতিবেদন জমা পড়েনি।
ইউজিসি চিঠিতে আরও উল্লেখ করেছে, প্রকল্পের পিসিআর না পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অনাকাক্সিক্ষত জটিলতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে কোনো ধরনের ব্যত্যয় ছাড়াই পিসিআর জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন ইউজিসির পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়ন শাখার পরিচালক মাকছুর রহমান ভূঁইয়া।
বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্পের পিসিআর শুধু একটি আনুষ্ঠানিক প্রতিবেদন নয়; এতে প্রকল্পের বাস্তবায়ন, ব্যয়, অর্জন, সীমাবদ্ধতা ও জবাবদিহির চূড়ান্ত মূল্যায়ন উঠে আসে। ফলে সময়মতো এই প্রতিবেদন জমা না পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নতুন প্রকল্প অনুমোদন ও অর্থায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
ইউজিসির সর্বশেষ এই চিঠির পর নির্ধারিত সময়ের মধ্যে বুটেক্স পিসিআর জমা দিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

