সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন রংপুর-রাজশাহী বিভাগের ৭৬ জন সাংবাদিক ও তাদের পরিবার। গত শনিবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান সামু। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার ৬৪ জন সাংবাদিক এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার আরও ১২ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৮ জন, কুড়িগ্রামের ১২ জন, পঞ্চগড়ের ৭ জন, নীলফামারীর ৫ জন, নওগাঁর ১ জন এবং জয়পুরহাটের ১১ জন সাংবাদিক রয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এতে বক্তব্য দেনÑ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ বিভিন্ন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

