শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে, জনসাধারণের চলাচলে বিঘœ ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় ৫টি মামলা করা হয়। এ সময় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থ রক্ষার অভিযান অব্যাহত থাকবে।

