দুপুরের মধ্যেই রাজধানীসহ দেশের ১৬টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি ও বজ্রবৃষ্টি।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়-বৃষ্টির এই আকস্মিক আশঙ্কার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং এই ১৬টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।

