ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

দুপুর পর্যন্ত ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১১:০৮ এএম
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুর পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা কিছু এলাকায় সাময়িকভাবে ঝড়ো রূপ নিতে পারে।

রোববার (২৮ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই আবহাওয়ার প্রভাব দেখা যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।