ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

রায়গঞ্জে গভীর রাতে বিধবার ঘড়ে মসজিদের ইমাম আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘরে গভীর রাতে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী প্রকাশ্যে ইমামকে বিয়ে করার ইচ্ছার কথাও জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইল পাড়া) ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে গেলে বিষয়টি জানতে পারেন এলাকাবাসী। পরে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে আটক করেন। অভিযুক্ত ইমাম উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।

মসজিদের কয়েকজন মুসল্লি জানান, একজন ধর্মীয় নেতার এমন ঘটনায় তারা বিব্রত ও হতাশ। তাদের দাবি, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের যোগাযোগ ছিল এবং এ নিয়ে এলাকায় বিভিন্ন সময়ে আলোচনা চলছিল।

অভিযোগের বিষয়ে মো. সেলিম বলেন, গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই আমি তার বাড়িতে যাই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করে।

অন্যদিকে শানু বেগম বলেন, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। পরে তিনি আমার ঘরে আসেন। আমি তাকে বিয়ে করতে চাই।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় পুলিশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।