ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ২১ ঘণ্টা পর ভেসে এলো পর্যটক সায়েমের নিথর দেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:০৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে নেমেছিলেন ২২ বছর বয়সি পর্যটক মোহাম্মদ সায়েম। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ পরিণত হয় শোকে। উত্তাল সাগরের জোয়ারের প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। দীর্ঘ ২১ ঘণ্টার উৎকণ্ঠা, নিরন্তর অনুসন্ধান আর পরিবারের অপেক্ষার অবসান ঘটে রোববার ২৮ জুন সকালে রেজুখালের মোহনায় ভেসে ওঠে সায়েমের নিথর দেহ।

গত শনিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী সৈকতের কাছে নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন সায়েম। একপর্যায়ে জোয়ারের তীব্র স্রোতে তিনি সাগরে তলিয়ে যান।

খবর পেয়ে দমকল বাহিনী, লাইফগার্ড, বিচকর্মী এবং স্থানীয় জেলেরা ঘণ্টার পর ঘণ্টা অভিযান চালান। শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর রোববার সকালে ইনানী সৈকত সংলগ্ন সোনারপাড়া রেজুখালের মোহনা এলাকায় সায়েমের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । 

আরেকটি প্রাণ ঝরে যাওয়ার এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, সমুদ্র যতই আকর্ষণীয় হোক, জোয়ার-ভাটার সময় সতর্কতা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলা কতটা জরুরি।

উখিয়ার ইনানীর উত্তাল ঢেউয়ের বুকে শুরু হওয়া একটি আনন্দভ্রমণ শেষ হলো এক পরিবারের আজীবনের বেদনায়।