ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, পিকআপ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।