দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি চলমান বিশ্বকাপেও নিজের অসাধারণ পারফরম্যান্স ধরে রেখেছেন। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করার পর তৃতীয় ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি তার। তবে বদলি হিসেবে মাঠে নেমেই ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে নতুন ইতিহাসের জন্ম দেন আর্জেন্টাইন এই তারকা।
জর্ডানের বিপক্ষে করা সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন মেসি, যা এর আগে কোনো ফুটবলার করতে পারেননি।
এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০)-এর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের শীর্ষে ছিলেন তিনি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে এককভাবে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন মেসি।
চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল। আর বিশ্বকাপের আসরগুলো মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯।
এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষস্থান দখল করেছিলেন মেসি।

