ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

হেক্সা জয়ের স্বপ্নে ব্রাজিল, সামনে ৫ কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:১৯ পিএম
ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

গ্রুপ পর্বের লড়াই শেষ, এবার ভুলের কোনো সুযোগ নেই। প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার সমীকরণ। স্কটল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ব্রাজিল। সামনে প্রথম বাধা জাপান, তবে সেই পথ পেরোতে পারলে ধীরে ধীরে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর সব হিসাব মিললে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণও দেখা যেতে পারে সেমিফাইনালে।

সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল। মরক্কোর সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে কার্লো আনচেলত্তির দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়। শুরুতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দেয় সেলেসাওরা।

এখন নকআউট পর্বের প্রথম প্রতিপক্ষ জাপান। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই ম্যাচ। গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় হয়ে নকআউটে ওঠা জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শৃঙ্খলাবদ্ধ ফুটবল, দ্রুত আক্রমণ গড়ার সক্ষমতা এবং দলগত সমন্বয় তাদের অন্যতম বড় শক্তি। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্মৃতিও রয়েছে তাদের।

জাপানকে হারাতে পারলে ব্রাজিলের সামনে অপেক্ষা করবে আইভরি কোস্ট অথবা নরওয়ে। আইভরি কোস্টের গতি ও শারীরিক শক্তি যেমন বড় চ্যালেঞ্জ হতে পারে, তেমনি নরওয়ের হয়ে আক্রমণের প্রধান ভরসা আর্লিং হলান্ড যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

কোয়ার্টার ফাইনালে সমীকরণ আরও কঠিন। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে মেক্সিকো, ইংল্যান্ড, ঘানা কিংবা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল। তবে শেষ ৩২ ও শেষ ১৬-এর ফলাফলের ওপর নির্ভর করবে ব্রাজিলের প্রকৃত প্রতিপক্ষ।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সম্ভাব্য সেমিফাইনাল। টুর্নামেন্টের ছক অনুযায়ী দুই দলই নিজেদের ম্যাচ জিততে থাকলে ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। এ ছাড়া একই পথে পর্তুগাল, কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে।

ফাইনালে পৌঁছাতে পারলে ব্রাজিলের সামনে আসতে পারে ইউরোপের বড় শক্তিগুলোর কোনো একটি ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানি। কারণ এই দলগুলো নকআউটের অন্য পাশে অবস্থান করছে।

ব্রাজিলের জন্য স্বস্তির খবর, ভিনিসিয়ুস জুনিয়র দারুণ ছন্দে রয়েছেন। তরুণ রায়ানও সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করছেন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেছেন, যা আনচেলত্তির আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে পারে।

তবে নকআউট ফুটবলে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই জাপান ম্যাচ থেকেই শতভাগ মনোযোগ নিয়ে মাঠে নামতে হবে ব্রাজিলকে। হেক্সা জয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধরে রাখতে এখন প্রতিটি ম্যাচই তাদের কাছে ফাইনালের সমান গুরুত্বপূর্ণ।